সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৪

কবিতা - মৌমিতা চন্দ্র



মানবী প্রেম
মৌমিতা চন্দ্র

রোজ যেভাবে বলি, সেভাবেই থেকে যাস ,
আমিও সমর্পন সয়ে সয়ে রানী ভাবি নিজেকে

কী আছে টমটম...
জানিস না, এত নিবেদনে দেবতা গ্রাস করে ?
যতবার সমর্পিত  –
ততবারই ছাদভর্তি আলো পড়শীর খোঁজ পায়,
ডুবন্ত পায়রার চোখে টুপটাপ তারা খসে পড়ে

আমাকে দেখ...
গোটা একটা স্কুলের বইখাতা বন্দক রেখেও –
শারদীয়া মাখি রোজ
চারটে পেরোলেই দিদিমনির খোলস ছাড়ি,
কখনও তো ইচ্ছে করে মানবী হতে...

পেড়িয়ে আয় টমটম...
ঘোড়দৌড়ের মাঠ ছেড়ে ঘাসে পা ভেজা, বিশ্বজয়ী 
সমুদ্রগুপ্তের মুকুট ছোঁয়া তরবারি –
হাওয়া কেটে শিকেয় তুলে রাখ সব আর্তি

যে জোরের কাছে ভালোবাসা হার মানে –
ওই জীবনটুকুই সঁপে দে আমায় ।

মানবী হয়ে উঠি
               চিরতরে ।

1 comments:

  1. খুব সুন্দর সহজ লেখা- আমার এ ধরনের ভালো লাগে - যদিও আজকাল খুব কম দেখি এমন সহজ ভাব- কবিকে অনেক অনেক শুভেচ্ছা

    উত্তরমুছুন